যতদিন জুলুম থাকবে নজরুল প্রাসঙ্গিক থাকবে

শরীফ ওসমান হাদী

পৃথিবীতে যতদিন জুলুম থাকবে ততদিন নজরুল প্রাসঙ্গিক থাকবে। যেহেতু দুনিয়ায় জালিম-মাজলুম এর লড়াই চিরন্তন, আমি বিশ্বাস করি নজরুলের প্রাসঙ্গিকতা থাকবে। বিশেষত আমি দেখেছি গত পনেরো বছর রাজনৈতিক বা অন্য বিভিন্ন কারণে নজরুলকে একঘরে করে রাখা হয়েছে। নামকাওয়াস্তে জন্মদিন-মৃত্যুদিন করা হয়েছে। এবং তিনি যে জাতীয় কবি ছিলেন, যেভাবে উদযাপন করা দরকার, সেভাবে হয়নি। দায়সারাভাবে হয়েছে। প্রতিযোগিতা হয়েছে কে কতোটা চাপিয়ে রাখতে পারে। কিন্তু অবাক করার ব্যপার হলো, আমাদের এই যে জেন-জি যাদের হাত ধরে জুলাই আসলো, ফ্যাসিবাদের পতন হলো, তারা কিন্তু নজরুলকে সেভাবে দেখে নাই। বরং উইথ প্রোপাগাণ্ডার মধ্য দিয়ে বড় হয়েছে।

কিন্তু এরপরেও যার মধ্যে জজবা আছে, স্পিরিট আছে, সত্য আছে, জাগরণের শক্তি আছে- সাময়িকভাবে তাকে চাপিয়ে রাখা গেলেও, চিরদিন যায় না। এর সবচেয়ে বড় প্রমাণ নজরুল। আমাদেরকে প্রেরণা যুগিয়েছে নজরুলের গান, নজরুলের কবিতা। আমরা দেখেছি সারাদেশে যত গ্রাফিতি হয়েছে তার মধ্যে ‘বল বীর, চির উন্নত মম শির’, ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্যাম’ থেকে শুরু করে নজরুলের সব বিখ্যাত কবিতা থেকে গ্রাফিতিতে এই তরুণরা লিখেছে।

দশটা গান যদি এই বিপ্লবের সময় গাওয়া হয়ে থাকে তার মধ্যে কমপক্ষে ৭/৮টা নজরুলের। আমরা দিনে আন্দোলন করেছি, রাতে নজরুলের গান শুনে উদ্দীপ্ত হয়েছি। আমার মনে আছে, যখন আমরা ক্লান্ত হয়ে যেতাম মিছিলে তখন মাইকে আমরা নজরুলের গান বাজাতাম। সেই গানে, সেই কবিতায় আবার আন্দোলিত হতাম। তো, এর মানে হলো- এ জালিম ও মজলুমের চিরন্তন লড়াইয়ে নজরুল এতো অপরিহার্য্য যে, আমরা আবারও তার প্রমাণ পেয়েছি। আমরা বলি নজরুল আমাদের জজবা ও জাগরণী কবি। এই যে জুলাই জাগরণ, এটা প্রসারিত হয়েছিলো নজরুলের হাত ধরে। আমাদের ভাব, আমাদের শক্তি নজরুলের সুরে ও শব্দে যেভাবে উঠে আসে এমনটা দ্বিতীয় কারো দ্বারা হয়নি।

জুলাই পরবর্তী বাংলাদেশে রাজধানী থেকে তৃণমূল পর্যন্ত নজরুল চর্চা শুরু করতে হবে। বাড়াতে হবে। বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নজরুল চর্চা বাড়াতে হবে। যতদিন আমাদের ইনসাফের সংগ্রাম থাকবে, ততদিন নজরুল অপরিহার্য থাকবে। এ লড়াইয়ের প্রেরণা হিসেবে নজরুলকে জানতে হবে, গবেষণা বাড়াতে হবে।

নজরুল ইন্সটিটিউট হোক শহরের প্রাণকেন্দ্রে। এটা আমাদের করতে হবে।

মুখপাত্র, ইনকিলাব মঞ্চ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top