ও আমার দেশ—
ও আমার ভালোবাসা প্রেম,
জীবনের অতলান্ত জুড়ে
আদিগন্ত নীলে উড়ে উড়ে
তোমার মতো দেখে না চোখ
পাললিক ছবি মোলায়েম।।
দখিনা বাতাস যেন এই কানেকানে
অপরূপ রূপকথা বলে দিয়ে যায়,
শিশির মাদল আহা সেই গানে গানে
বিমলিন স্বাধীনতা খুঁজে যেন পায়।
জোনাকি মেয়ের নাচে
নাচে দূর্বাহেম।
ও আমার দেশ—
ও আমার ভালোবাসা প্রেম৷৷
পাহাড় বালিকা তার বুক ছুঁয়ে ছুঁয়ে
কুলুকুলু সাগরের দিকে শুধু ধায়,
হতাশার ধুলোবালি যায় ধুয়ে ধুয়ে
সবুজ শ্যামলী হাসে সাদা জোছনায়।
মিনারের সুরে ভরে
বুকের হেরেম।
ও আমার দেশ—
ও আমার ভালোবাসা প্রেমা।।