এনাম রাজু
এবং জীবিত মানুষও যেনো প্রাণহীন
পৃথিবীটা অচল, মনে হয় লাশকাটা ঘর
শকুনের ক্ষুধা দেখে মরে যায় সবুজের সুখ
অন্তর্বাসে যখন সুসময় ঢাকে তার মুখ।
কখনো ভাবেনি নদী ফিরে পাবে ঢেউ
জলের সুরেলা গান; পাখির আকাশ
সীমানার বাঁধাহীন নীড়ে ফেরা সুখ
উড়াল ডানার গানে মুখর বাতাস
জোনাকি জ্বালবে দীপ বনানীর বুকে—
ভালো হয়ে যাবে সব ঝিঝির অসুখ।
পাতায় পাতায় ছাপা পিকাসোর রঙ
প্রীতির চোখের কোণে কেনো লোনাজল—
তবু কেনো মানুষের বিবেক বরফ
কখনো হবে কী আয়ুধ, সুন্দর সচল?
