মহিবুর রহিম-এর কবিতা 

চির সাহসের বাংলাদেশ  

দেখো, এদেশের মানুষের  হাতে পতাকা 
               বুকে পতাকা 
                           রক্তে পতাকা 
ঠিক যেন আত্ম আকাঙ্ক্ষার মতন দীর্ঘতম এর আয়তন 
যত চেষ্টাই কর না কেন, এদেশ মাথা নত করবে না 
এদেশের মানুষের রক্তে ‘চির উন্নত মম শির’ লেখা হয়ে গেছে
এদেশকে করদ রাজ্য বানায়া রাখতে পারবা না 
লুটতন্ত্রের শিখন্ডিরা গুলি চালায়া মানুষ মারতে পারবা, দাবিয়া রাখতে পারবা না 
মানুষের বুকে গুলি চালাইয়া আমাদের দুঃখী মানচিত্রকে আর ঝাঁঝরা কইরো না
প্রতি ওয়াক্তে ফিনিক্স পাখির মতো এদের আত্মারা বের হবে 
দেখো তেতুলিয়া থেকে টেকনাফ
চির সাহসের বাংলাদেশ 
কেঁপে কেঁপে ওঠে রক্তের উচ্ছ্বাসে 
এখানে মানুষ চির জাগ্রত নিঃস্বাসে বিশ্বাসে
এদেশকে তোমরা লুটতন্ত্রে বন্দী রাখতে পারবা না 
এদেশকে কখনোই করদ রাজ্য বানায়া রাখতে পারবা না

০৪.০৮.২৪


শহিদ আবু সাঈদ স্মরণে

শহিদ আবু সাঈদ আজ আর সাধারণ কোন নাম নয়
আবু সাঈদ আজ চির সাহসের বাংলাদেশ 
আবু সাঈদ আজ আমাদের জীবন্ত পতাকা 
আবু সাঈদ আজ ‘চির উন্নত মম শির’
তাঁর গর্বিত মাতাকে বলি, মাগো
তোমার সন্তান আজ আমাদের অপরাজেয় মানচিত্র 
অধিকার হারা এই জাতির মহাসংগ্রামের সাফল্য।

আবু সাঈদ আজ নতুন ইতিহাসের নক্ষত্র 
হার না মানা মানুষের শাশ্বত কালের প্রতিনিধি 
তার রক্তের প্রেরণা পৌঁছে গেছে প্রতিটি হৃদয়ে। 

০৫.০৮.২৪


খান তালাত মাহমুদ রাফিকে

সব ইতিহাস ছাপিয়ে-  
এখন তোমরাই ইতিহাস 
সকল কৌশল  কবরে ঘুমায়
এখন তোমরাই জাতির শ্বাস! 

নিঃস্বাসে আর বিশ্বাসে তোমরা 
বাঁচার নতুন প্রত্যয়
মৃত্যু তোমাদের হারাতে পারে না 
তোমরা যে বীর  নির্ভয়।

০৫.০৮.২৪


বাংলাদেশ

 একটি আত্ম জাগ্রত ক্যাম্পাস তকবির ধ্বনি তোলে আল্লাহু আকবার 
সত্যি বাংলাদেশের এই রূপ আগে কেউ দেখেনি
সত্যি অবাক এ পৃথিবী 
চোখে অবিরল অশ্রু চলে আসে 
মার্কা মারা সে চোরের খনি থেকে  
আজ এমন নির্ভেজাল সাধু সজ্জনে ভরে গেলো
টিএসসিতে মানুষ সত্যি আবেগাপ্লুত 
ছাত্র জনতার ত্রাণ তৎপরতায় মানুষ আবেগাপ্লুত 
ছাত্র জনতা,জামায়াত, আসসুন্নাহ ফাউন্ডেশন বিস্ময় সৃষ্টি করেছে
সত্যি নজির বিহীন এ ঘটনা ঘটেই চলেছে
এক দিকে পতিত স্বৈরাচারীদের বিরামহীন ষড়যন্ত্র 
অন্যদিকে ছাত্র জনতা ও বিপ্লবী মানুষের রাষ্ট্র গড়ার প্রত্যয়, সংগ্রাম, ত্যাগ ও তিতিক্ষা 
চোখে অশ্রু ধরে রাখা যায় না 
সত্যি অবাক বাংলাদেশ  
ও মানুষের সুকুমার বৃত্তি, ও চির পবিত্র মনুষ্যত্ব 
আমি নিজে আবেগাপ্লুত 
চোখে অশ্রু ধরে রাখা যায় না 
একদিকে সেই চোরের খনি, এস আলম, সালমান, আজিজ, মনিরুল আর
অন্যদিকে সাধু সজ্জনের এক অবাক বাংলাদেশ 
শিশুরা জমানো টাকায় ত্রাণ দিচ্ছে 
ভিক্ষুকও টাকা নিয়ে দাঁড়িয়ে আছে 
 পিকে হালদার, ওসি প্রদীপের দেশে 
ভাতের হোটেলের হারুন, বিপ্লব, তাদের রচিত আয়নাঘর, ডিবি অফিস, গুম ও  ক্রসফায়ার

অন্যদিকে আত্মত্যাগী ছাত্ররা বন্যার্তদের রক্ষায় প্রাণ বিলিয়ে দিচ্ছে 
সত্যি অবাক বৃক্ষ-লতা, অবাক স্তাবক স্তম্ভের পার্ক
চোখে অশ্রু ধরে রাখা যায় না!


শহীদ ওয়াসিম আকরাম

চির লাল সালাম প্রিয় শহিদ ওয়াসিম আকরাম 
এদেশের প্রতিটি সপ্রাণ হৃদয়ে থাকবে তোমার নাম 
প্রতিটি সচেতন বৃক্ষের পাতায় উড়বে তোমার সম্মান 
তোমার সাহসে খুজবে মানুষ স্বাধীনতার ঘ্রাণ 
তুমি এখন ইতিহাসের শীর্ষে এক অন্য ইতিহাস 
তুমি এখন বিশ্বাসী জাতির জীবন জয়ী বিশ্বাস 
তুমি এখন এই বিপন্ন মানচিত্রের মৃত্যুঞ্জয়ী প্রহরী 
এ জাতি এগিয়ে যাবে, তোমার অকুতোভয় রক্তের পথ ধরি।


পিতৃভূমি  

প্রতি ইঞ্চি জমিন আমাদের সত্তার আমানত 
আমাদের প্রতিশ্রুতির কোনো পরীক্ষার প্রয়োজন নেই 
এমনিতেই তা আত্মোৎসর্গের রক্তে ভেজা থাকে 
বৃহত্তর স্বার্থে, নির্ভয় তয়রান আবাবিল হয়ে উড়ে আসে 
ইতিহাসের বাঁকে বাঁকে তার প্রামাণ্য রেওয়ায়েত আছে 
শুধু ইতিহাস সৃষ্টি নয়, ইতিহাসের চালিকা শক্তি হয়ে 
আমাদের বিশ্বস্ততা, দেশপ্রেম, মূল্যবোধ আর সাহসের অবিস্মরণীয় তকবির
বাধার পাহাড়গুলোকে সবসময় সমতল বানিয়ে চলে
কে আমাদের উল্টা সিধা ভয়ের গল্প বলে? 
কে আমাদের সমতলের সীমাবদ্ধ সমষ্টি বিবেচনা করে? 
 জানার দৈন্যতা আছে যাদের,  তারা নিশ্চয় করে জেনে নিক
আমরা সবসময় পরিবর্তন করতে পারি চাপিয়ে দেওয়া  দিক
আমরা সবসময় পরিবর্তন করতে পারি আরোপিত ভাগ্যরেখা 
কারণ আমরা মানবিক প্রয়োজনে রক্ত দিতে জানি 
আর সতত নিরাপত্তা ও শুদ্ধতায় ঢেকে রাখি আমাদের পিতৃভূমি। 

১৫.০৯.২৪


আমজনতার সংগ্রাম  

নিজের তৈরি জাহান্নাম 
শুধুই কি ঝরায় ঘাম? 
ভুলবি ঠিকই বাপের নাম
আসছে তেড়ে দেখ দূরে 
আমজনতার সংগ্রাম। 

নিজের তৈরি জাহান্নাম 
কালনাগিনী একটু থাম
ভৈরবী রব বাজছে ড্রাম
আসছে কারা দেখ দূরে 
আমজনতার সংগ্রাম। 

নিজের তৈরি জাহান্নাম 
যতই ধরো ছদ্ম বাম
কিংবা অনেক রাম-শাম
মানুষ যখন ছিড়বে জাল
হারিয়ে যাবে নাম-ধাম।

০৮.০৭.২৪

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top