জলরঙে লিখি তোরে

খুচরো পয়সার মতো তোকে মাটির ব্যাংকে জমাই

কমাই রোজকার কথপোকথন

যতক্ষণ সেঁটে ছিলি বুকের দেয়ালে

খেয়ালে আসেনাই চাঁদ

   রাত,

দ্বিপ্রহর হয়ে গেল

ডিঙালো মড়া কাঁটালের ঝোপ ভোরের বেড়াল

হারালে বড়ো আড়াল পড়ে যায়

কে যে কার বোঝা দায়।

তবু খুচরো পয়সার মতো তোকে হৃৎপিণ্ডে জমাই

কমাই উপচে পড়া কৌটোর সুখ

বুক জুড়ে খুঁড়ে খুঁড়ে দেখি তোরে

ওরে, কোনোদিন থমকে দাঁড়ালি না!

বাড়ালি না শুকনো পাতার মতো হাত!

রাত,

ভোর ভোর হয়ে এলো,

শোনা গেল, দূরে আযান মিনারে

কিনারে কিনারে জমা কুয়াশার মতো তুই

বুঝলি না শিশিরে বিরহ শুধুই।

খুচরো পয়সার মতো তোকে কুড়িয়ে কুড়িয়ে রাখি

আঁখির বাদল খরচ হয়ে যায়

চাঁপায় ঘ্রাণ জমে, গুনগুন সুরে

আরো দূরে কারা যেন আনাগোনা করে

যে জন হারায়, সে শুধু বাড়ায় তফাত

প্রভাত,

ধেয়ে এসে পোড়ালো শহর

থরথর কাঁপে চোখ, বাদলে পোড়ে

ফোঁটা ফোঁটা জলরঙে লিখি তোরে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top